পাকিস্তানে করোনায় শিশুমৃত্যু সবচেয়ে বেশি

পাকিস্তানে ২০২০ সালে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫৯ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে করোনা আক্রান্ত হওয়া শিশুদের মৃত্যুহার ১৪ শতাংশ। বিশ্বের অন্য দেশের তুলনায় এ হার অস্বাভাবিক রকমের বেশি।

আগাখান বিশ্ববিদ্যালয়, করাচির ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজেস অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, লাহোরের শিশু হাসপাতাল ও রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালের এক সম্মিলিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ডন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদানে পাকিস্তানে এ গবেষণাটি পরিচালনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, পাকিস্তানে যেসব শিশুর করোনা সংক্রমণের ধরন মাঝারি থেকে তীব্র মাত্রার ছিল, তাদের প্রতি সাতজনে একজন মারা গেছে।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১০০ জন শিশুকে নমুনা হিসেবে নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। নমুনার মধ্যে নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশু ছিল।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যেসব শিশু অপুষ্টি, ক্যানসার ও হৃদরোগের মতো শারীরিক জটিলতায় ভুগছে, তাদের কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেশি। এ ধরনের শারীরিক জটিলতা থাকা শিশুদের যারা করোনায় আক্রান্ত হয়েছে, তাদের প্রতি পাঁচজনে একজনের মৃত্যু হয়েছে।