সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপে গতকাল সুদে আসলে ভুটানের ওপর ঝাল ঝেড়েছেন মেয়েরা। ৬-০ গোলের জয় পেয়েছেন রিপা-তহুরা। কমলাপুরের স্টেডিয়ামে জোড়া গোল করেন শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডা। নেপালের বিপক্ষে ড্র করায় গতকাল তিনটি পরিবর্তন করা হয়েছিল বাংলাদেশ দলে। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের বদলে নামানো হয় আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও রিপাকে। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় তহুরার পায়ের ছোঁয়ায় এগিয়ে যায় বাংলাদেশ। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। যোগ করা সময়ে তৃতীয় গোল করেন তহুরা। দ্বিতীয়ার্ধের শুরুতে রিপার দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০তে। ৬৭তম মিনিটে পঞ্চম গোল করেন ঋতুপর্ণা। শেষ বাঁশি বাজার গোলের আধডজন পূর্ণ করেন মান্ডা। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতার শিরোপা জয়ের পথে সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের তৃতীয় ম্যাচ শুক্রবার ভারতের সঙ্গে।