সীতাকুন্ডে ডিবি পুলিশের পরিচয়ে মো. ইয়াছিন (৫৭) নামের এক সংবাদপত্র এজেন্টকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকাল ৭টার দিকে সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে চট্টগ্রামের ডিবির বিভিন্ন শাখা ও থানা পুলিশ তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে। এ ঘটনায় সীতাকুন্ড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবার ও থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সংবাদপত্রের এজেন্ট এস এম ইয়াছিন প্রতিদিনের মতো রবিবার সকালে নিজ সংবাদপত্র অফিসে বসে হকারদের মধ্যে পত্রিকা বণ্টন করছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে এডিবি পরিচয়দানকারী তিন ব্যক্তি এ সময় ইয়াছিনের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে জোর করে মাইক্রোতে উঠিয়ে নেয়। মাইক্রোবাসটি ঢাকামুখী সড়ক ধরে উত্তর দিকে চলে যায়।