চট্টগ্রাম কারাগারে বন্দি নির্যাতন

জেল সুপারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. শামীম নামে এক বন্দিকে নির্যাতনের অভিযোগে কারাগারটির সিনিয়র জেল সুপারসহ পাঁচ কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে নির্যাতনের শিকার বন্দির স্ত্রী পারভিন আকতার বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শামীম নামে এক বন্দিকে নির্যাতনের অভিযোগে তার স্ত্রী পারভিন আকতার পাঁচ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেল সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন হয়।