মেয়র সাক্কুকে কেন্দ্রীয় বিএনপি থেকে অব্যাহতি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ সন্তোষজনক না হওয়ার কারণ দেখিয়ে গত ২৮ অক্টোবর তাকে অব্যাহতি দেওয়া হলেও বিষয়টি আলোচনার বাইরেই ছিল। সাক্কুকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন।

এ প্রসঙ্গে মনিরুল হক সাক্কু গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমি উত্তর দিয়েছিলাম, সেদিন আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল। যেদিন বৈঠক তার দুদিন আগে ঢাকা থেকে চিঠি আসে মিটিংয়ের। সেজন্য আমি যেতে পারিনি। দল তাদের। আমি ৪০ বছর বিএনপি করি। এটি তারেক রহমান সাহেবের ব্যাপার। পার্টির সিদ্ধান্তের ব্যাপার। তারা যা খুশি তা করুক। আমি আমার মতো চলছি।’