পুরান ঢাকার আলু বাজারে বিকট বিস্ফোরণের পর একটি চারতলা ভবনের নিচতলার দেয়াল ধসে পড়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওসমান গনি রোডের ৩৪/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্যাসের লিকেজ থেকে এই ঘটনা বলে ফায়ার সার্ভিসের ধারণা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক বজলুর রশিদ জানান, বিস্ফোরণের পর ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ঘটনাস্থল থেকে এক দম্পতি ও তাদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক বজলুর রশিদ বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে নিচতলার দেয়াল ধসে পড়েছে।
তিনি বলেন, ভবনের পিলার কনক্রিট দিয়ে তৈরি করার কথা থাকলেও ওই ভবনের পিলার তৈরি করা হয়েছে ইট দিয়ে। বিস্ফোরণের পর ইটগুলো খসে পড়ে পিলারগুলোর রড বেরিয়ে গেছে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।