ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে তিন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশের বাসে দুই অস্ত্রধারী এ হামলা চালায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘গুরুতর’ বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার।
সরকারি বিবৃতিতে বলা হয়, পান্থচকের অদূরে জম্মু ও কাশ্মীর পুলিশের ক্যাম্পের কাছেই জওয়ানদের বহরের একটি বাসে হামলা হয়। দ্রুত এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জওয়ানদের বহনকারী বাসের ছাদে উঠে এক বিচ্ছিন্নতাবাদী স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ শুরু করে।
পান্থচক এলাকায় নিরাপত্তা বাহিনীর একাধিক শিবিরসহ নানা সরকারি দপ্তর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই অঞ্চলে কীভাবে জঙ্গিরা বিনা বাধায় হামলা চালিয়ে পালিয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে হামলার ঘটনায় ৪০ জন নিহত হন। বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক বিচ্ছিন্নতাবাদী ওই হামলা চালায়।