অটোমেশন এক্সিলেন্স স্বীকৃতি পেল গ্রামীণফোন, এসকিউ গ্রুপ

বিশ্বের শীর্ষস্থানীয় অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ-এর পুরস্কার পেয়েছে গ্রামীণফোন ও এসকিউ গ্রুপ।

বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য ইউআইপাথ এই পুরস্কার দিয়ে থাকে।

এ বছর ১৫টি বিভাগে ৩১টি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে। বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গ্রামীণফোন ও এসকিউ গ্রুপ। নিজেদের কাজের ক্ষেত্রে অটোমেশন ব্যবহার করে নতুন উদ্ভাবনের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইউআইপাথ ভারত এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্ট অনিল ভাসিন বলেন, ‘অটোমেশন এই অঞ্চলের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ক্ষেত্রে অবদান রাখছে। এটা দারুণ উৎসাহব্যঞ্জক।’

বিজয়ী প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ভারতের এবং বৈশ্বিক উদ্যোগ। বাংলাদেশ থেকে পেয়েছে গ্রামীণফোন ও এসকিউ গ্রুপ।

ইউআইপাথ নিউইয়র্কভিত্তিক একটি রোবটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি। ইউআইপাথকে রোবটিক অটোমেশন প্রসেস বা আরপিএ ‘লিডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্বতন্ত্র উপদেষ্টারা বিভিন্ন প্রতিষ্ঠানের জমা দেওয়া নথি এবং উপাত্তের ভিত্তিতে বিজয়ী নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। আর জুরি বোর্ড বিজয়ী নির্বাচন করেছেন।