তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে ও ৩০ ভাগ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি ট্রাকের কাচ ভাঙচুর করে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়, লিংকন কলেজ, আরিফ কলেজ, রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধান ও কৃষি গবেষণা উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি পাবলিক স্কুল, সিটি মডেল স্কুল, নর্থ সাউথ স্কুলসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী চান্দনা চৌরাস্তা মোড়ে বিভিন্ন প্রকার ব্যানার ও ফেস্টুনসহকারে অবস্থান নেয় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

স্কুলের শিক্ষার্থীদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধের ফলে ব্যস্ততম চান্দনা চৌরাস্তার চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. জাকির হাসান এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা কোন অবস্থাতেই তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক থেকে সরে যাবেন না জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।

একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ট্রাকের কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া একটার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, করোনা মহামারির কারণে গত বছর সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকায় আমরা সিলেবাস শেষ করতে পারিনি। যেহেতু বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনার ওপর নির্ভরশীল।

২০২১ এর এসএসসি পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় যেভাবে গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আগামী এসএসসি ২০২২ সালের গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে শতকরা ৩০ ভাগ  সিলেবাসের পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও জানান, আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা ফের আন্দোলনের কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে।

এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি আমার কাছে দিয়েছে। আমি এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।