স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অফার দিয়েছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত অনুদানের দুই ছবি দেখা যাবে টিকিটের নিয়মিত দামের অর্ধেকে।
সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। সেই আনন্দ আমরা ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে তিনটি উদ্যোগ নিয়েছি বিজয় দিবসকে কেন্দ্র করে। যার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের ছবির টিকিটে ৫০ ভাগ ছাড়। এ ছাড়া স্থিরচিত্র প্রদর্শনী এবং র্যাফেল ড্র-এর আয়োজন করা হবে।’
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’। এই ছবি দুটি দেখতে চাইলে দর্শক স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় পাচ্ছেন ৫০ ভাগ ছাড়। এই সুযোগটি থাকছে ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন প্রমুখ।
অন্যদিকে সাইদুল আনাম টুটুলের শেষ ছবি ‘কালবেলা’। ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান নির্মাতা। এর পর বাকি কাজ করেন টুটুলের স্ত্রী ও এই ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম।
‘কালবেলা’র প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ।