শহীদ বুদ্ধিজীবী দিবসে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

উদীচী কেন্দ্রীয় সংসদ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর রায়েরবাজার ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উদীচীর নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

উদীচী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক বদিউর রহমান। আলোচনায় অংশ নেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য রহমান মুফিজ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। তবে বিজয়ের ঠিক এক সপ্তাহ আগে থেকে সুপরিকল্পিতভাবে বাছাই করে যেসব ব্যক্তিকে হত্যা করা হয়- তারা বুদ্ধিজীবীদের প্রতিনিধি স্থানীয় এবং গণতন্ত্রমনা ও সাম্রাজ্যবাদবিরোধী মনোভাবের জন্য পরিচিত ছিলেন।

স্বাধীনতার অনেক বছর পরেও সরকার ও রাষ্ট্র এই সুপরিকল্পিত উদ্দেশ্যপূর্ণ। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে আশ্চর্যজনকভাবে কোনোরকম চেষ্টাই করেনি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে কোন কোন বিদেশি শক্তি জড়িত ছিল তা অবশ্যই খুঁজে বের করতে হবে।

বক্তারা আরো বলেন, বুদ্ধিজীবীসহ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার অর্জনগুলো আজ সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অপসৃত। সেই অর্জন ও মূল্যবোধগুলো ফিরিয়ে আনার জন্য আবারও লড়াই করতে হবে।

উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের দুটি দলীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় এবং পরে দলীয় এবং একক গান ও নৃত্য পরিবেশন করে তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগ।