করোনার হানায় স্থগিত রোনালদোদের ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোদের ম্যাচটি হচ্ছে না। ইউনাইটেডের মূল দলের কয়েকজন খেলোয়াড় ও স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় রাত দেড়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।

শনিবার নরউইচ সিটির বিপক্ষে ১-০ গোলে জিতে ফেরার পর ইউনাইটেডের খেলোয়াড়দের শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার নিজেদের ট্রেনিং কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধের ঘোষণা দেয় ইউনাইটেড। সেই সঙ্গে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন করে।

টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটি শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ।

সব ক্লাব মিলে গত সাত দিনে ৩৮০৫ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের নমুনা পরীক্ষায় মোট ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত জানুয়ারির পর এই প্রথম এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে।