স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে যোগ দিতে আগামীকাল ৩ দিনের সফরে প্রথমবারের মতো আসতে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে।
ভারতীয় রাষ্ট্রপতি কোবিন্দ এবং তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ বিমান সকাল ১০টায় (বিএসটি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।
রামনাথ কোবিন্দ, ভারতীয় ফার্স্ট লেডি এবং তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী এবং দুজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নিয়ে ঢাকা সফর করবেন বলে সময়সূচি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় রাষ্ট্রপতি একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে তাকে গার্ড অফ অনার প্রদান করবে। সেখান থেকে তাকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে।
ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি একটি চারা রোপণ করবেন এবং দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।
পরে তিনি বাংলাদেশের স্থপতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে তার স্যুটে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনে যোগ দেবেন। ভারতীয় রাষ্ট্রপতি বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার তৈরি টি-৫৫ ট্যাংক এবং মিগ-২১ ভিন্টেজ বিমান উপহার হিসেবে প্রদান করবেন।
সফরের দ্বিতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন।
বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে এবং বিজয়ের আনন্দ উদ্যাপনের জন্য ‘মহান বিজয়ের বীর’ শিরোনামে রমনাথ কোবিন্দ একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
১৭ ডিসেম্বর তৃতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি কালীমন্দিরের নতুন সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
ওই দিন বিকেলে তিনি ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।
সূত্র: বাসস।