খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্ত পর্যায়ে গত সোমবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট খাদ্য অধিদপ্তরে অভিযান পরিচালনা করে নথি যাচাই করে।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফি উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, সংস্থার সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার ও উপসহকারী পরিচালক মো. কামিয়াব আফতাহি-উন-নবীর সমন্বয়ে গঠিত টিমের অভিযানে খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটি কর্তৃপক্ষের বক্তব্যসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। দুদক ও খাদ্য অধিদপ্তর উভয়ই প্রশ্নপত্র এবং তার উত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে।
দুদক সূত্র জানায়, প্রশ্ন ফাঁস প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে উদঘাটনের জন্য এবং এই প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত তা খুঁজে বের করতে আরও অধিকতর অনুসন্ধানের প্রয়োজন বলে মনে করে এনফোর্সমেন্ট টিম। এ কারণে সংগৃহীত নথিপত্র আরও যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।