রাজধানীর নীলক্ষেত থেকে কাঁটাবনে আসতে মাঝামাঝি স্থানে সড়কে কয়েক মাস ধরে সিটি করপোরেশনের পরিছন্নতাকর্মীরা আশপাশের বাসাবাড়ির ময়লা জমা করেছেন। ফুটপাত ও সড়কের প্রায় ১৫০ ফুট জায়গাজুড়ে ময়লা রাখায় যানবাহন একটি লেনে চলাচল করতে পারছে। এতে প্রায়ই যানজট দেখা দিচ্ছে। রাজধানীর কাঁটাবান এলাকার শহীদ বুদ্ধিজীবী ড. আমীন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালঘেঁষে থাকা ময়লা সরানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী ড. আমীন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটপাত ঘেঁষে হাঁটছিলেন গাউছুল আজম সুপার মার্কেটের ব্যবসায়ী সেলিম উদ্দীন। নাক-মুখ চেপে ধরে এ রাস্তাটুকু পার হন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে নীলক্ষেত থেকে কাঁটাবন পর্যন্ত সড়ক কার্পেটিং করা হয়েছে। বছরখানেক আগে এ সড়কের দুইপাশের ফুটপাতে উন্নতমানের টাইলস বসানো হয়েছে। ফলে নীলক্ষেত থেকে কাঁটাবনের পথটুকু বেশিরভাগ সময় হেঁটেই যাই। কিন্তু এখন বাসাবাড়ি থেকে ময়লা ভ্যানে করে এখানে ফেলা হচ্ছে। এজন্য দুর্গন্ধে হাঁটাই দায় হয়ে পড়েছে।’
কাঁটাবন বিশ্ববিদ্যালয় মার্কেটের সিটি গিফট কর্নারের মালিক আজমাইন হক বলেন, ‘যেখানে ময়লা ফেলা হচ্ছে, তার সঙ্গেই একটি প্রাথমিক বিদ্যালয়। এসব ময়লা সারা দিন পশুপাখি টানাহেঁচড়া করায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। শিশুদের স্কুলে যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। স্কুলের গা-ঘেঁষে থাকা ময়লা দ্রুত সরিয়ে নেওয়া উচিত।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমার ওয়ার্ডে উন্মুক্তস্থানে থাকা ময়লার বেশিরভাগই সরিয়ে নিয়েছি। কিছু জায়গায় থাকতে পারে। সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’