শেবাচিম হাসপাতালের সিসিইউতে আগুন, আতঙ্কে রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ‍ইউনিট- ‘সিসিইউ’তে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে।

বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ‍আতঙ্কে চিকিৎসাধীন ‍এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ‍উঠেছে। ৬৫ বছর বয়সী ওই রোগীর নাম রনদী।

তিনি বরিশালের গৌরনদী ‍উপজেলার বাসিন্দা। গত সোমবার তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে হার্টের সমস্যার কারণে সিসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ‍আতঙ্কে রোগীর মৃত্যুর গুঞ্জন সঠিক নয়। কেননা ঘটনার প্রায় ২০ মিনিট পরে মৃত্যু হয়েছে ওই রোগীর।

তা ছাড়া তার অবস্থা ‍এমনিতেই ‍আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা শেবাচিম হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিমা ‍আক্তার।

তিনি জানান, রাত ‍ সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই হাসপাতালের পশ্চিম পাশের দ্বিতল ভবনে সিসিইউতে চার নম্বর বেডের ওপরে অক্সিজেন সঞ্চালন বক্স বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ‍আগুন লেগে যায়। ‍এতে সিসিইউসহ হাসপাতালের অন্যান্য ওয়ার্ডগুলোতেও ‍আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা প্রাণ রক্ষায় ‍এদিক-ওদিক ছোটাছুটি করে হাসপাতালের সামনে নিরাপদ স্থানে ‍আশ্রয় নেন।

ওই নার্সিং কর্মকর্তা বলেন, ‘আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার ‍আগেই হাসপাতালের স্টাফরা অগ্নি নির্বাপক যন্ত্রের ‍সহযোগিতায় ‍আগুন নিয়ন্ত্রণে ‍আনে। পাশাপাশি সিসিইউ’র রোগীদের পার্শ্ববর্তী পোস্ট সিসিইউতে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. ‍এইচ এম সাইফুল ‍ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই। ‍হাসপাতালের নিজস্ব ব্যবস্থায় ‍আগুন নিয়ন্ত্রণে ‍আনা হয়েছে। ‍এতে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।