মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীরযোদ্ধাসহ ৬৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল বুধবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
এরপর রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে ৩ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তীতে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও রাশিয়ার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা আবেগভরে তাদের স্মৃতি রোমন্থন করেন এবং এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।
এর আগে মঙ্গলবার উভয় প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় দিবস প্যারেড ২০২১-সহ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে ভারত ও রাশিয়ার প্রতিনিধি দল দুটি যথাক্রমে ১৩ ও ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। সফরকালে তারা সিলেট সেনানিবাস এবং মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে ১৮ ও ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন তারা।