বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানের স্পোর্টস ভিলেজে বুধবার বিকেলে কাবাডি মাঠে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মহান বিজয় দিবস আন্তথানা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে দিনাজপুর জেলা পুলিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আনিস হোসেন দুলাল, আসলামুর রহমান, কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন উপস্থিত ছিলেন।
চূড়ান্ত খেলায় ফুলবাড়ী থানা ৩৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। আর ১৮ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় দিনাজপুর সদর কোতয়ালী থানা। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত ফুলবাড়ী থানার খেলোয়াড় ডালিম কুমার।
১২ ডিসেম্বর স্পোর্টস ভিলেজের জেলার ১৩টি থানার সমন্বয়ে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ কখনই হতো না। আজ আমরা বাংলাদেশি, এটা আমাদের গর্বের বিষয়। কাবাডি আমাদের জাতীয় খেলা। কিন্তু আমাদের এই জেলায় কোনো ভালোমানের কাবাডি খেলোয়াড় নেই। এই কাবাডি খেলা থেকে আমরা অনেকটা পিছু চলে গেছি। আগামীকে কাবাডি প্রতিযোগিতা বেশি করে আয়োজন করতে হবে।