এক বছর ধরে সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার লক্ষ্য ঠিক করেছেন। খেলতে চান ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।
এক সাক্ষাৎকারে মাশরাফী বলেছেন, ‘আমার দিক থেকে ইচ্ছে আছে এবং তৈরিও হয়েছি সেভাবে।’
দীর্ঘ বিরতিতে ওজন বেশ বেড়ে গিয়েছিল মাশরাফীর। তবে আরো কিছুদিন ক্রিকেট খেলে তবেই বিদায় নিতে চান তিনি। সেই প্যাশন থেকেই নিজেকে ফিট করে তুলছেন।
সবকিছু মিললে বিপিএলে খেলতে চান মাশরাফী। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার ইচ্ছে তার, ‘বিপিএল তো আছেই, আরো বেশি ফোকাস আমার ঢাকা লিগে।’
মাশরাফী সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১৮ ডিসেম্বর, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ফাইনালে। করোনা বিরতি মিলিয়ে ওই টুর্নামেন্টের আগে বাইরে ছিলেন ৯ মাস।