বন্ধু আগুয়েরোকে মেসির আবেগঘন বার্তা

নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন তারকার এই বিদায় বলার দিনে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলে তার সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসি। জীবনের নতুন অধ্যায়ের জন্য জানিয়েছেন শুভ কামনা।

জাতীয় দলের মতো ক্লাবেও মেসির পাশে খেলার লক্ষ্যে গত গ্রীষ্মে বার্সেলোনায় নাম লেখান আগুয়েরো। কিন্তু চুক্তি সংক্রান্ত জটিলতায় শৈশবের ক্লাব বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। আগুয়েরোর স্বপ্ন তাই পূরণ হয়নি।

এমনকি জাতীয় দলেও এখন আর দুজনকে এক সঙ্গে দেখা যাবে না। বুট জুড়াই যে তুলে রাখতে হলো আগুয়েরোকে। যার সঙ্গে সেই বয়সভিত্তিক পর্যায় থেকে সম্পর্ক মেসির।

মেসি তার বার্তায় সেই দিনগুলো স্মরণ করেছেন। বলেছেন কোপা আমেরিকা জয়ের মুহূর্তের কথাও। ইনস্টাগ্রাম বার্তায় মেসি লিখেন, ‘প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন (আগুয়েরো)... আমাদের অসাধারণ কিছু মুহূর্ত আছে এবং আরো কিছু মুহূর্ত অতটা দারুণ না হলেও সময়গুলো আমাদের আরো ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।’

মেসি লিখেন, ‘মাত্র কয়েক মাস আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো… এবং সত্যিটা এই যে, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই আজ বন্ধ করতে হলো তা দেখে অনেক কষ্ট লাগছে।’

প্রিয় বন্ধুর আগামী দিনগুলোর জন্য শুভ কামনা জানিয়ে মেসি লিখেন, ‘আমি নিশ্চিত যে তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে।’

‘জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা! আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার সঙ্গে মাঠে এবং জাতীয় দলে কাটানো সময়টা অনেক মিস করব।’

৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে খেলার সময় মাঠেই অ্যারিথমিয়ায় আক্রান্ত হন আগুয়েরো। এরপর থেকেই তার ফুটবল ক্যারিয়ার থমকে যেতে পারে বলে গুঞ্জন উঠে। কিছুদিনের মধ্যেই কঠিন সত্যটাও মেনে নিতে হয় আগুয়েরো ও তার ভক্তদের। বার্সেলোনা জানিয়েছিল, বুধবার আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলবেন আগুয়েরো। সেই ঘোষণা অনুযায়ী এদিন সংবাদ সম্মেলনে বুট জোড়া তুলে রাখার কথা বলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।