কুকুরের টেনে তোলা বস্তায় মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর হুমায়ারা হিমু (১০) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কনকসারের কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিমু স্থানীয় হানিফ বেপারীর মেয়ে। এর আগে বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা হানিফ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হয়। বস্তাটি খুলে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

লৌহজং থানার এসআই রাজু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল। তবে প্রকৃত ঘটনা কি তা মরদেহের ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষ বলা যাবে।