তাসমানিয়ায় ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় মারা গেছে চার শিশু। আহত হয়েছে আরও পাঁচজন। খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
অস্ট্রেলিয়ায় বাতাস উড়িয়ে দেওয়া বাউন্সি ক্যাসল (শিশুদের খেলার জন্য বাতাসে ফোলানো এক ধরনের ঘর বিশেষ) থেকে পড়ে এই মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার তাসমানিয়ার ভেডনপোর্টে এক স্কুলের বিনোদন দিনে হঠাৎ দমকা হওয়ায় এই দুর্ঘটনার কবলে পড়ে শিশুরা।
পুলিশ জানিয়েছে, শিশুরা প্রায় ১০ মিটার (৩২ ফুট) থেকে নিচে পড়ে। এতে দুই ছেলেশিশু ও দুই মেয়েশিশু মারা যায়। কর্তৃপক্ষ তাদের বয়স প্রকাশ করেনি। তবে তারা পাঁচ বা ছয় গ্রেডের শিক্ষার্থী হতে পারে। এই চার শিশুর বয়স ১০ থেকে ১২ বছর।
তাসমানিয়ান পুলিশ কমিশনার ড্যারেন হাইন জানান, ‘এক দমকা হাওয়ার কারণে বাউন্সি ক্যাসল দুর্ঘটনা ঘটে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই দুর্ঘটনাকে বলেছেন ‘কল্পনাতীতভাবে হৃদয়বিদারক’।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে এসে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেয় প্যারামেডিকস (প্রাথমিক সেবা প্রদানকারী দল)। এরপর ওই হিলক্রেস্ট প্রাথমিক বিদ্যালয়ের আহত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে।