সকল জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ছবিটি।
গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। সেই সাথে সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসাও কুড়ায়। এরপরই মুক্তির ঘোষণা দেন পরিচালক। এটি নির্মাতার প্রথম সিনেমা।
রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি। পরিবার নিয়ে দেখার মতো একটা গল্প, সিনেমা। দর্শকেরা দেখার পরই তাদের মন্তব্য জানাক আমাদেরকে।’
‘মৃধা বনাম মৃধা’ রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা হলেও এর আগে তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন। প্রচারবিমুখ এই নির্মাতার বহু কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, তার কমার্শিয়াল কান লায়নসেও নমিনেশন পেয়েছে।
চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। এর পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। সিনেমাটির আবহসংগীত করেছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিংয়ে যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
টফি নিবেদিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।