দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে সিনেমার কায়দায় জড়িয়ে ধরে চুম্বন করেন প্রেমিকা। তার পরই প্রেমিকের বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। পরে মোবাইলের লোকেশন ধরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত প্রেমিকা নাবালিকা।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত প্রেমিকার। প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন লালচাঁদ। প্রেমিকাকে বিয়ে করতে চাইছিলেন না তিনি। সম্প্রতি কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছিল ওই নাবালিকা।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফেরেন অভিযুক্ত। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করার জন্য ডেকে পাঠায় ওই প্রেমিকা। তার পর ফিল্মি কায়দায় চুম্বন করে গুলি চালিয়ে দেয়। গুলি লালচাঁদের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ।
ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন লালচাঁদ। অভিযোগ পেয়ে প্রেমিকার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মোবাইলের লোকেশনের সূত্র ধরে তাঁকে পরে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুকটি। কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, নাবালিকা অভিযুক্তকে বর্ধমানের কিশর আদালতে পাঠানো হবে। কিন্তু নাবালিকার হাতে ওয়ান শাটার বন্দুক কী করে এল তা ভাবাচ্ছে পুলিশকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে, কোনও সমাজবিরোধী চরম্পন্থীদের সঙ্গে ওই নাবালিকার যোগাযোগ রয়েছে কি না।