বিজয়ের সুবর্ণজয়ন্তী

আখাউড়ায় বিজিবি-বিএসএফ কুচকাওয়াজ

বাংলাদেশের মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আখাউড়া চেকপোস্টে বিজিবি-বিএসএফ যৌথ কুচকাওয়াজ হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিনটিকে স্মরণীয় করে রাখতে একে অন্যকে ফুল, গাছের চারা ও মিষ্টি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হয় কুচকাওয়াজ। আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবি ও আগরতলা চেকপোস্টের জিরো পয়েন্টে বিএসএফ কুচকাওয়াজে অংশ নেয়। সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মান জানায় নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে। এ সময় চৌকস গার্ড দল সশস্ত্র সালাম ও বিউগলে সুর বাজায়। সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী জাতীয় পতাকার সম্মান দেখে সেখানে উপস্থিত থেকে। তারা করতালিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ দলকে অভিনন্দন জানান।