স্কলাসটিকায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

নাটক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশের অন্যতম প্রধান ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকার বিভিন্ন শাখায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে।

ভার্চুয়াল প্রযুক্তিতে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।

এ উপলক্ষে মিরপুর সিনিয়র শাখা ‘ওরা এখনও আসে’ নামের একটা নাটক উপস্থাপন করে।

স্কুলের ড্রামা ক্লাবের সদস্যদের রচনা ও অভিনয়ে নাটকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অন্যদের মধ্যে অভিনয়ে অংশ নেয় আব্দুল্লাহ আল সাইদ অভয়, ফারহিন কাশিশ খান, রুহামা ফারহিন, তাজিম তাজওয়ার মিহান, ইফরা আশরাফি হক প্রমুখ।

আলোচনায় অংশ নেন সেকশনের প্রধান নুরুন নাহার মজুমদার, হেড অব অ্যাকাডেমিক সাবিনা মোস্তফা।

উত্তরা সিনিয়র শাখার সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের জীবন ও বীরত্বের কাহিনি তুলে ধরা হয়। ড্রামা, মিউজিক ও আর্ট ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা সমবেত নাচ ও গান এবং আবৃত্তিতে অংশ নেয়।  এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উত্তরা সিনিয়র প্রিন্সিপাল ও সেকশনের প্রধান ফারাহ সোফিয়া আহমেদ।

গুলশান জুনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার পাশাপাশি তার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এতে আরও বক্তৃতা করেন গুলশান শাখার প্রধান সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম।

স্কলাসটিকার ধানমন্ডি ও উত্তরা জুনিয়ার শাখায়ও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সব অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়।