সন্তানকে আনতে গিয়ে খুন হলেন মেক্সিকান অভিনেত্রী

এক মেক্সিকান অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মোরেলেস রাজ্যের কুয়ের্নাভাকা শহরে।

এক ফুটবল একাডেমি থেকে ১১ বছরের সন্তানকে নিয়ে ফেরার জন্য অপেক্ষায় ছিলেন তানিয়া মেন্দোজা নামের ওই অভিনেত্রী। স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন একাডেমিতে অনুশীলনরত অন্যান্য সন্তানদের পিতামাতারাও।

এমন সময় মোটরবাইকে করে দু’জন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে গুলি করেন মেন্দোজাকে। তাদের একজন পালিয়ে যাওয়ার সময় ৪২ বছর বয়সী অভিনেত্রীকে একাধিকবার গুলিও করেন।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মেক্সিকোতে গড়ে প্রতিদিন অন্তত ১০ জন নারী খুন হয়েছেন।

২০০৫ সালে ‘লা মেরা রেয়না দেল সুর’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি পান মেন্দোজা। তিনি বেশ কয়েকটি সোপ অপেরাতেও অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে গায়ক হিসেবে নতুন কর্মজীবন নিয়ে ব্যস্ত সময় কাটছিল মেন্দোজার। পাঁচটি অ্যালবামও রেকর্ড করেছেন তিনি।  

এর আগে ২০১০ সালে স্বামী ও সন্তানের সঙ্গে অপহরণের শিকার হয়েছিলেন মেন্দোজা।