শুরুতেই উইকেট হারিয়ে কাঁপছে ইংল্যান্ড

অ্যাডিলেডের আকাশে বজ্র-বিদ্যুতের চমকানিতে ইংল্যান্ডের লাভই হয়েছে। কারণ আশপাশে বজ্রপাত না হলে তখন হয়ত খেলা বন্ধ হতো না। আর খেলা বন্ধ না হলে ১৭ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হতে পারত। গতকাল দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি করেন মার্নাস লাবুশেন। প্রথম দিন তিনি ৯৫ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১০৩ রান করে অলি রবিনসনের বলে তিনি এলবিডব্লিউ হন। স্টিভ স্মিথ ৯৩ রানের ইনিংস খেলেন। শেষে মিচেল স্টার্ক আর মাইকেল নেসের ঝড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোর ৪৭৩-এ পৌঁছে দেন । ৯ উইকেট হারিয়ে এই রানেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৪৫৬ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে হঠাৎ করে অধিনায়কত্ব পাওয়া স্টিভ স্মিথ টেস্টে নিজের ২৮তম শতরান হারালেও জুটি গড়ে দলকে ভালো অবস্থায় পৌঁছে দেন। অ্যালেক্স ক্যারি করেন ৫১ রান। ৩৯ বলে ৩৯ রান করেন স্টার্ক। ২৪ বলে ৩৫ রান করেন নেসের। ৩ বলে ৯ রান করেন ঝাই রিচার্ডসন। ইংল্যান্ডের বেন স্টোকস ৩ উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন জিমি অ্যান্ডারসন।

জবাবে রাতে ফ্লাডলাইটের আলোয় মেঘলা আকাশের নিচে ইংল্যান্ডের শুরুটা করুণ হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮.৪ ওভারে ২ উইকেটে ১৭ রান করে ইংল্যান্ড। পাহাড়সমান রানের চাপ নিয়ে আজ দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট (৫*) ও ডেভিড মালান (১*) খেলতে নামবেন। তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে ৪ রানে আউট হন ররি বার্নস।  আরেক ওপেনার হাসিব হামিদ ৬ রান করে নেসারের বলে আউট হয়েছেন। ব্রিসবেনে প্রথম টেস্ট জিতে ৫ টেস্টের অ্যাশেজ সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।