ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় নারীসহ তিনজনের মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়া হিসেবে চাকরি করতেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

পথচারী সাজেদা বেগম দেশ রূপান্তরকে জানান, বিকেল ৫টার দিকে মালিবাগ রেলগেটে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে শেফালী বেগমের। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। সেখানে লোকজনের ভিড় থাকলেও কেউ সহায়তা করতে এগিয়ে যায়নি। তিনি নিজেই তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। নিহতের মেয়ে টুম্পা জানান, তার মা চলতি মাসের ১০ তারিখেই ওই হাসপাতালে চাকরি নিয়েছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকালে বাসা থেকে বের হয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। তখনই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পারেন।

এদিকে একই রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নেছার উদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা খাওয়ার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও এলাকায় একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন।

খিলক্ষেতে  ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু : রাজধানীর খিলক্ষেত খা পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার অন্তর্ভুক্ত বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.  সাকলাইন জানান, সকালের দিকে  বিমানবন্দরগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।