আপত্তিকর ছবি ভিডিও, ঢাকায় গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও ইউটিউবে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার অভিযোগে রাজধানীতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-৪-এর একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম আফসার আহমেদ (২১)। তার কাছ থেকে তিনটি মোবাইলসহ ইউটিউব চ্যানেলের কিছু কনটেন্ট এবং ভিডিও করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার আফসারের বিরুদ্ধে এক ভুক্তভোগী অভিযোগ করেন।

গতকাল শুক্রবার র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আফসার টাকার বিনিময়ে বিভিন্নজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি ও ভিডিও ডাউনলোড করে তা সম্পাদনা করে এবং ভিডিওর শুরুতে ও মাঝে আপত্তিকর ছবি বা ভিডিও জুড়ে দিয়ে ইউটিউব চ্যানেল প্রচার করতেন।