পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় হাওয়া মেশিন বিস্ফোরিত হয়ে এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম মামুন হোসেন (২৮)। তিনি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জাবরীদুয়ার গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে একটি মোটর যানবাহন মেরামতের কারখানায় একটি ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মামুন মারা যান।
পরে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত একজনের অবস্থা গুরুতর বলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। অন্যজনকে পঞ্চগড়েই চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন নাজমুল হোসেন (১৬) এবং রবিউল ইসলাম (৩০)।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।