কভিড তোমাকে ঘৃণা করি: সন্তানদের জন্য কারিনার কান্না

করণ জোহরের ঘরোয়া পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানকে ছেড়ে তিনি এখন নিভৃতবাসে রয়েছেন।

সপ্তাহখানেক দুই সন্তানের থেকে আলাদা কারিনা। স্বাভাবিকভাবেই মন কেঁদে উঠেছে তার। সেই কথা জানালেন শুক্রবার।

ইনস্টাগ্রামে লিখলেন, ‘কভিড, আমি তোমাকে ঘৃণা করি! আমার সন্তানদের জন্য আমার মন খারাপ করছে। কিন্তু খুব জলদি...’ এর পরে চিহ্ন জুড়ে দিয়ে কারিনা বুঝিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, কভিড বিধি লঙ্ঘন করেই পার্টি করেছেন কারিনা। তার সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমৃতা আরোরা। ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া ও অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। কারিনা ও অমৃতার সংস্পর্শে আসা সবাইকে কভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

কভিড আক্রান্ত হওয়ার পর কারিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি কভিড পজিটিভ। নিভৃতবাসে রয়েছি। সব ধরনের নিয়ম মেনে চলছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। আমার পরিবারের সদস্য এবং কর্মীরা ইতিমধ্যেই দুটি টিকা নিয়েছেন। আপাতত কভিডের কোনো উপসর্গ তাঁদের মধ্যে দেখা যায়নি। আমি আপাতত ঠিক আছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।’

একই পার্টিতে থাকা কারিনা-অমৃতার দুই বান্ধবী মহিপ কাপুর ও সীমা খানও করোনা পজিটিভ। এর মধ্যে পার্টিতে যাওয়ার আগেই আক্রান্ত হন সীমা।