মাহির ছেড়ে দেওয়া সিনেমায় ইমন-তায়েবের সঙ্গী পরীমণি

কথা ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু সম্প্রতি মক্কা থেকে ওমরাহ হজ পালন করে এসে মাহি জানালেন, অসুস্থতার কারণে তিনি ছবিটি করতে পারবেন না। এই সিনেমায় তার বিপরীতে কাজ করার কথা ছিল ইমনের। অনেকেই ধারণা করছেন ইমনের সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার অডিও রেকর্ড ফাঁস হয়ে যাওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাহি। ঘটনা যাই হোক না কেন, পরিচালক চয়নিকা চৌধুরী কাগজের বউয়ের জন্য এবার বেছে নিলেন পরীমণিকে। আজ থেকে কাজও শুরু করে দিয়েছেন পরীমণি।

চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘হাসপাতাল থেকে রিলিজ হয়েই শুটিং স্পট। অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ পরীমনি। আসলেই ভাগ্য একটা ফ্যাক্টর।’ এসময় ‘কাগজের বউ’ এর জন্য সবার কাছে আশীর্বাদ চান ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নির্মাতা। চয়নিকার পোস্ট করা ছবিতে পরীমণির সঙ্গে ইমন ও ডিএ তায়েবকেও দেখা যায়।

ওয়েব ফিল্মটি নিয়ে চয়নিকা জানিয়েছিলেন, এটি পুরোপুরি পারিবারিক কাহিনি। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি।

‘লাল টিপ’ খ্যাত নায়ক ইমন জানিয়েছিলেন, ‘কাগজের বউ’ অন্যরকম গল্পের একটি ওয়েব ফিল্ম। এর গল্প শুনেই আমার দারুণ পছন্দ হয়েছে। এর প্রযোজক ডি এ তায়েব। তিনি এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।