মেহজাবীনের সঙ্গে রোামান্টিক ছবি দিয়ে রাজীব লিখলেন, ‘ভালোই লাগে’

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। এতদিন অস্বীকার করে আসলেও ধীরে ধীরে সত্য প্রকাশ করছেন এই প্রেমিক যুগল। চমকপ্রদ ব্যাপার হলো, রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করেছেন।

১৮ ডিসেম্বর, শনিবার দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।

মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে জল্পনার অবসান ঘটিয়ে যেন স্বীকার করে নিলেন সব। রাজীব-মেহুর বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। তবে তারা এখনো বিয়ে করেছেন কিনা, সে বিষয়টি জানা যায়নি।

উল্লেখ্য, মেহজাবীন ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।