বিজয়ের সুবর্ণজয়ন্তী পূর্ণ হলেও এখনো পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্যে অবসান হয়েছে কি না সে প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তিতে শনিবার ঢাকায় দলের এক সমাবেশে এই প্রশ্ন তোলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, ২ লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি?’
তিনি বলেন, ‘পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কী দেখছি? পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্য কি শেষ হয়েছে? আমাদের দেশের বৈষম্য দূর হয় নাই।’
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘এই যে ইউপি নির্বাচন এবং জাতীয় সংসদের বাই ইলেকশন (উপনির্বাচন), এখানে অন্যরা অংশগ্রহণ করছে না, আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। কিন্তু আমাদের প্রার্থীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সিরাজগঞ্জে আমাদের প্রার্থীকে মারধর করে তার কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা খবর পেয়েছি, আমাদের একজন প্রার্থীকে চাপ প্রয়োগ করা হয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।’
জিএম কাদের আরও বলেন, ‘ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য হচ্ছে। আপনারা দেখেন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় তৈরি করছে। আর এই দেশে দরিদ্র মানুষ না খেয়ে থাকে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে।’
জুরাইন রেল গেইটে মঞ্চ বানিয়ে সমাবেশের পর সেখান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত শোভাযাত্রা নিয়ে যায় জাতীয় পার্টির নেতাকর্মী।