কোয়ান্টাম ফাউন্ডেশন

স্বাধীনতার ৫০ বছরে ৫০ বারের রক্ত দাতাদের সম্মাননা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ৫০ জন স্বেচ্ছা রক্তদাতাকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষ ত্যাগের মাধ্যমেই সোনার বাংলাদেশ গড়ে তুলবে। রক্তদাতারা রক্তদানের মাধ্যমে সেই কাজটিই করে যাচ্ছে। এমন বহু ত্যাগের মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।’  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডা. নিজামউদ্দিন আহমদ, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী প্রমুখ।