পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে হাবিবের ব্যাংকে একটি শাখায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, শনিবার বিকেলের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে।
ধারণা করা হচ্ছে, পয়োনিষ্কাশনের নালায় গ্যাস লিকের কারণে এ ঘটনা ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপে অনেক মানুষ চাপা পড়ে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের করাচি সিভিল হাসপাতাল, ট্রমা সেন্টার এবং জিন্নাহ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক, একজন ভেন্টিলেটরে এবং একজন আইসিইউতে রয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে যে, ওই বেসরকারি ব্যাংকটির ভবনের জানালা ও দরজা উড়ে গিয়েছে, আশপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নথিপত্র রাস্তায় ছড়িয়ে পড়েছে।
পুলিশ কর্মকর্তা সারফারাজ নাওয়াজ বলেন, ‘আমাদের বিস্ফোরক দলগুলো বিস্ফোরণের ধরন খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দৃশ্যত ব্যাংকের কাঠামোটি একটি ড্রেনের ওপর তৈরি করা হয়েছিল এবং সেখানকার গ্যাস এই বিস্ফোরণের সম্ভাব্য কারণ হতে পারে।’
করাচি পুলিশের প্রধান অতিরিক্ত আইজি গোলাম নবী মেমনও বলছেন, ব্যাংকের নিচে একটি ড্রেনে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে প্রকৃত কারণ বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডই বলতে পারবে।
ঘটনাস্থলে সিন্ধুর স্থানীয় সরকার মন্ত্রী নাসির হোসেন শাহ বলেন, কর্তৃপক্ষ এই মুহূর্তে উদ্ধারের দিকে মনোনিবেশ করছে তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ করাচি কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী ডা. আজরা পেচুহোর নির্দেশে ট্রমা সেন্টার এবং জিন্নাহ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
টুইটারে এক বিবৃতিতে, হাবিব ব্যাংক জানিয়েছে, শনিবার বিকেলে আমাদের একটি শাখায় বিস্ফোরণের মতো একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।