সম্পর্কের অন্যতম অনুভূতি হলো, প্রিয় মানুষটিকে হারানোর আশঙ্কা। যখন এ আশঙ্কা চলে যায় তখন আর পাশে থাকার অর্থ নেই। অনেকটা এভাবেই বলেছেন মাহিয়া মাহি।
শনিবার রাতে এক স্ট্যাটাসে আলোচিত এ নায়িকা সম্পর্কের নানান দিক তুলে ধরেন।
তিনি লেখেন, ‘যখন কারো ভেতর থেকে তোমাকে হারানোর ভয় চলে যাবে, তখনই মানে ঠিক তখনই সেই মানুষটার সঙ্গ পরিত্যাগ করা বাঞ্ছনীয়। না হলে পরে অনেক দেরি হয়ে যাবে এবং এই পুরো সময়টাতে তোমাকে যে পরিমাণ অপমান আর কষ্ট সহ্য করতে হবে সেটা হবে দোজখ তুল্য।’
আরও বলেন, ‘তাই আত্মাটাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারো জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, পৃথিবীতে কেউ না কেউ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হারানোর ভয় করবে। এমন একজনকে আল্লাহ নিশ্চয় আপনার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।’
“স্রষ্টা তো বলেছেনই, ‘তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলেছেন, ‘কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না।’ তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!”
নায়িকা সবশেষে লেখেন, “সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো ‘আমি মরে গেছি’ অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!”
সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন নায়িকা। তাদের বিদেশ থাকাকালে পুরোনো একটি ফোনকল ফাঁস হয় অনলাইনে। যেখানে নায়ক ইমনের ফোনে মাহির সঙ্গে অশালীন ব্যবহার করেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
গত ১৭ ডিসেম্বর থেকে চয়নিকার চৌধুরীর পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয়ের কথা ছিল মাহির। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থতার জন্য সরে দাঁড়ান তিনি। সেই ছবিতে এখন ইমনের বিপরীতে কাজ করছেন পরী মনি।