ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (৪২) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের বড় ক্যানেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে কামাল হোসেন (৬০) নামে আরও একজন আহত হন।

নিহত নুর আলম হরিনাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামের জইবুদ্দিনের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে হরিনাকুন্ডু শহরের দিকে যাচ্ছিলেন তারা। সেসময় ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় নুর আলম মারা যান। আহত কামালকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।