রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউপি নির্বাচনে কাঠ দিয়ে বানানো প্রতীকী নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার গভীর রাতে ওই ইউনিয়নের লাঙল প্রতীকের প্রার্থীর বাড়ি সংলগ্ন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে বাঁধের পাড়ে টানানো কাঠ ও বাঁশ দিয়ে বানানো প্রতীকী নৌকায় আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৬শে ডিসেম্বর এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বাঁধের পাড়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ টিটুলের সমর্থকেরা বাঁশ-কাঠ দিয়ে নৌকার প্রতীকী টানায়। শনিবার রাত আড়াইটার দিকে কে বা কারা ওই সেটাতে আগুন দেয়।
রবিবার সকালে ঘটনা জানাজানি হলে নৌকা প্রতীকের সমর্থকেরা সেখানে জড়ো হয়।
এ ঘটনায় জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী আশরাফ আলীকে দায়ী করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন আবুল কালাম আজাদ টিটুল।
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী বলেন, গভীর রাতে কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে তা জানা নেই। অথচ দোষ আমার ওপর চাপানো হচ্ছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।