দিনের শেষ বলে রুটকে ফিরিয়ে জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া

দিনের শেষ বলে অধিনায়ক জো রুটকে হারাল ইংল্যান্ড। সফরকারীদের অ্যাডিলেড টেস্ট বাঁচানোর শেষ আশাটাও ফিকে তাতে। অন্যদিকে দিবারাত্রির ম্যাচটিতে জয়ের সুবাদ নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিক অস্ট্রেলিয়া।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ৪৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের স্কোর ৮২/৪। দিনের শেষ বলে মিচেল স্টার্কের শিকার হয়েছেন রুট। ৬৭ বলে ২৪ রান করেছেন তিনি।

এখন এই টেস্ট বাঁচাতে হলে সোমবার পঞ্চম ও শেষ দিনে পুরোটা সময়জুড়ে ব্যাট করতে হবে ইংল্যান্ডকে। জয়ের জন্য এখনো ৩৮৬ রান চাই তাদের। অস্ট্রেলিয়ার চাই ৬ উইকেট।

৪০ বলে ৩ রানে অপরাজিত থাকা বেন স্টোকস নতুন ব্যাটারকে সঙ্গে নিয়ে পঞ্চম দিন শুরু করবেন।

ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার হাসিব হামিদকে (০) হারিয়ে ফেলে। এরপর ডেভিড মালান (৫২ বলে ২০) ও ররি বার্নস (৯৫ বলে ৩৪) ফিরে যান।

এর আগে ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩০ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয়। সকালের সেশনে মাত্র ৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের ফিফটিতে দলটি ঘুরে দাঁড়ায়। লাবুশেন ও হেড দুজনই ৫১ রান করে করেছেন। অপরাজিত ৩৩ রান করেন ক্যামেরন গ্রিন।

ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন, জো রুট ও ডেভিড মালান।

ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে ২-০ তে এগিয়ে যাবে তারা।