নিউজিল্যান্ডে অবশেষে অনুশীলনের অনুমতি পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিনের কোয়ারেন্টিন শেষে সোমবার থেকে জিমের পাশাপাশি মাঠে অনুশীলন করতে পারবে টাইগাররা।
করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ছাড়া দলের বাকি সব সদস্য করোনা নেগেটিভ হয়েছেন।
এর আগে, একবার অনুশীলনের অনুমতি পেয়েছিল সফরে থাকা বাংলাদেশ। কিন্তু হেরাথের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় ফের কোয়ারেন্টিনে পাঠানো হয় টাইগারদের। এতে সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তবে সবাই সফলভাবে কোয়ারেন্টিন সম্পন্ন করার পর সুখবর পেল সফরকারীরা।
সর্বশেষ করোনা টেস্টে কোয়ারেন্টিনে থাকা সব ক্রিকেটার-কোচের রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে অনুশীলন শুরু করতে কোনো আর বাধা থাকছে না টাইগারদের।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুশীলনের অনুমতি পাওয়া প্রসঙ্গে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কভিড টেস্ট ছিল। আজ সকালে তার ফলাফল এসেছে। আমরা সবাই করোনা নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা আগামীকাল থেকে বাইরে যেতে পারব এবং অনুশীলন করতে পারব।’
নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি, বে ওভালে। ৯ জানুয়ারি, হ্যাগলি ওভালে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।