সুনামগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে শিশুকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে দা দিয়ে কুপিয়ে ভগ্নিপতির ভাগনেকে খুন করার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু রিহান (৬) পূর্ব লক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

খুনের সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামে তৌহিদ মিয়া (২৮) জামালগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন।

সোমবার সকালে হঠাৎ ভগ্নিপতি হাবিব মিয়ার বোনের ছেলে ৬ বছরের শিশু রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটা মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোনজামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে তার ভগ্নিপতির ভাগনেকে খুন করে।

খুনের কারণ হিসেবে তিনি জানান, হত্যা করার পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে প্রায়ই স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। তাই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দা'টি  নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়।

সোমবার সকালেও তেমনটা হলে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা করে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতা খুনিকে আটক করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।