ফিলিপাইনে টাইফুনের তাণ্ডবে মৃত্যু বেড়ে ২০৮

ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে সুপার টাইফুন রাই’র তাণ্ডবে মৃতের সংখ্যা আরও বেড়েছে।  

সোমবার দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, টাইফুনের আঘাতে নিহত হয়েছে ২০৮ জন।

দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এ টাইফুনের পর থেকে এখনো ৫২ জন নিখোঁজ রয়েছে।

রাই’র তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফিলিপাইনের কিছু এলাকা।

তবে পুলিশ মৃত্যুর যে সংখ্যা উল্লেখ করেছে তা দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার রেকর্ডকৃত ৫৮ মৃত্যু থেকে অনেক বেশি। সংস্থাটি জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে আসা প্রতিবেদনগুলো যাচাই করে দেখছে।

ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বা ১২০ মাইল বেগের এই ভয়ংকর টাইফুনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটির সেনা ও জরুরি সেবা বিভাগের ১৮ হাজারের বেশি সদস্য।

টাইফুনের প্রভাবে দেশের বেশির ভাগ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। একই পরিস্থিতি টেলিযোগাযোগ ব্যবস্থারও।

এই ঘূর্ণিঝড় সাম্প্রতিককালে ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল বলে আবহাওয়া অফিস জানায়।

শুক্রবার রাতে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যায় ঘূর্ণিঝড়টি। ঝড়ের আগে কমপক্ষে তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছিল।