নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও কামরুল ইসলাম। তাদের দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তাদের মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, দুজনের প্রার্থিতায় ভুল তথ্য দেওয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার, এবিএম সিরাজুল মামুন, মাসুম বিল্লাহ, জসিমউদ্দিন উপস্থিত থাকলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী অনুপস্থিত ছিলেন। তার পক্ষে প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।