ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধের পাশে পুনাক সভানেত্রী

সত্তরোর্ধ্ব বৃদ্ধ শাহজালালের শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। পাঁচ দিন ধরে এ অবস্থায় পড়েছিলেন যশোর শহরের রেলগেট এলাকার ফুটপাতে। এ বৃদ্ধের করুণ অবস্থার খবর পত্রিকায় প্রকাশ হলে নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জার।

তিনি ওই বৃদ্ধ সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে অনুরোধ করেন।

পুলিশ সুপার মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে উদ্ধারের ব্যবস্থা নেন, ভর্তি করান স্থানীয় হাসপাতালে। পরে পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুনাক সভানেত্রীর উদ্যোগে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাকে খাওয়ানো ও দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে। এখন তিনি অনেকটাই ভালো, খেতে পারেন নিজ হাতে।

পুনাক সভানেত্রী সোমবার সকালে ওই বৃদ্ধকে দেখতে ঢামেক হাসপাতালে যান। এ সময় তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

বৃদ্ধের জন্য কম্বল, পোশাক,  মিষ্টি, খাবার, ফলমূল নিয়ে যান পুনাক সভানেত্রী।

এ সময় জীশান মীর্জা বলেন, আজকে হাসপাতালে যাকে দেখতে এসেছি তার নাম শাহজালাল। তার শরীরে পচন ধরেছিল। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি কথা বলতে পারতেন না। এখন তার অবস্থা অনেকটা ভালো। তিনি এ জন্য যশোর জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।