ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাভোটে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন।
রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৮ জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।
বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বালিগাঁও ইউপিতে মোজাম্মেল হক বাহার, ফাজিলপুরে মজিবুল হক রিপন, শর্শদীতে জানে আলম ভূঞা, ধর্মপুরের শাহাদাত হোসেন সাকা, কাজীরবাগে কাজী বুলবুল আহমেদ সোহাগ, মোটবী ইউপিতে হারুন অর রশীদ, ফরহাদ নগরে মোশাররফ হোসেন টিপু ও কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম।
তাদের মাঝে কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম ছাড়া অপর ৭ জন বর্তমানে সংশ্লিষ্ট ইউপিতে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে বালিগাঁও ইউনিয়নে ৩ জন, ফরহাদনগর ইউনিয়নে ২ জন, ফাজিলপুর ইউনিয়নে ১ জন ও কালীদহ ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ সব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বালিগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, ফাজিলপুরের বর্তমান চেয়ারম্যান মজিবুল হক রিপন, ফরহাদনগরের বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু, ও কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর রোববার চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থী, ধর্মপুরে ২ চেয়ারম্যান প্রার্থী, শর্শদীতে ১ ও ছনুয়াতে ১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলে এসব ইউনিয়নের মধ্যে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ধর্মপুর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, শর্শদীর বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঞা, মোটবী ইউপির বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদকে বিনাভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে কাজীরবাগ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত একক প্রার্থী থাকায় বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তফসিল মোতাবেক সোমবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।