নির্বাচন কমিশন পুনর্গঠনের সংলাপে বসেছে জাতীয় পার্টি

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহ্বানে বঙ্গভবনের সংলাপে যোগ দিয়েছে জাতীয় পার্টি। সোমবার বিকাল ৪টার পর শুরু হয় সংলাপ। 

এর আগে বিকাল ৩টা ৫০ মিনিটে জাতীয় পার্টির আট সদস্যের প্রতিনিধি দলে বঙ্গভবনে প্রবেশ করে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপের একদিন পরই বুধবার রাষ্ট্রপতি আলোচনায় বসবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সঙ্গে। এরপর ২৬, ২৭ ও ২৯  ডিসেম্বর আরো ৭টি  দলের এর সঙ্গে সংলাপ রয়েছে রাষ্ট্রপতির।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরেরে ১৪ ফেব্রুয়ারি।  নতুন কমিশন গঠনের জন্য সংসদে প্রতিনিধিত্বশীল রাজনেতিক দলগুলোর মতামত জানতেই রাষ্ট্রপতির এ সংলাপ। 

সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেন। এক মাসের এই সংলাপে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি রাজনৈতিক দল অংশ নেয়।

গত ২০১৬ সালের সংলাপে জাতীয় পার্টির রাষ্ট্রপতির কাছে ৫ দফা প্রস্তাব দিয়েছিল। এবারও তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেবে বলে জানা গেছে।