‘মেয়েরা মায়ের গর্ভে আর কবরে নিরাপদ’, লিখে আত্মহত্যা স্কুলছাত্রীর

মেয়েরা নিরাপদ মায়ের গর্ভে আর কবরে এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্রী। গত কয়েক দিন ধরে অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে, যা তার পরিবারও টের পায়নি।

শনিবার ভারতের চেন্নাইয়ে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর: আনন্দবাজার

আত্মহত্যার আগে তিনি লেখেন, ‘যৌনহেনস্তা বন্ধ হোক। প্রত্যেক মা-বাবা তাদের ছেলেদের শেখান, কীভাবে একটি মেয়ের সঙ্গে ব্যবহার করতে হয়। …ন্যায়বিচার চাই।’

সেই চিরকুটেই লেখেন, তিন বার যৌন হেনস্তার শিকার হন তিনি। ঘণ্টাখানেকের জন্য বাজারে গিয়েছিলেন ভিকটিমের মা। ফিরে এসে দেখেন, তার মেয়ে আত্মহত্যা করেছে। সোমবার সন্দেহভাজন অভিযুক্তকে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণ অপরাধের কথা স্বীকার করেছেন। ওই তরুণীকে আরও কেউ হেনস্তা করেছিলেন কি-না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘যৌনহেনস্তা করার পর থেকে নানাভাবে ওই তরুণ উত্ত্যক্ত করছিলেন ওই তরুণীকে। অশালীন মেসেজ এবং ছবি পাঠাচ্ছিলেন। এই সবের আগে আট মাস ধরে ওই তরুণীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল।’