স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, সাহিত্যিক, নারীনেত্রী, উদীচী চট্টগ্রামের সভাপতি ও শহীদজায়া বেগম মুশতারী শফীর দাফন হবে চট্টগ্রামে। এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।
শহীদজায়া বেগম মুশতারী শফীর মেয়ে রুমানা শফী সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মুশতারী শফীর মরদেহ আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে কয়টায় দাফন হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
বেগম মুশতারী শফী সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বেগম মুশতারী শফী ছিলেন বাংলা একাডেমি ফেলো এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত। চট্টগ্রামে নারী অধিকার আদায় ও ঘাতক দালাল নির্মূল আন্দোলনে তিনি ছিলেন অগ্র সৈনিক ও সংগঠক।
মরহুমের মেয়ে রুমানা শফী দেশ রূপান্তরকে বলেন, ‘সোমবার বিকেল সোয়া ৫টায় মারা যান আম্মা।’
কিডনি, রক্তে ইনফেকশনসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তাকে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২ ডিসেম্বর ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল বেগম মুশতারীর স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে শহীদজায়া মুশতারী শফীকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ২০২০ সালে পেয়েছেন বেগম রোকেয়া পদক।
‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি’, ‘জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ মুশতারী শফীর উল্লেখযোগ্য রচনা।
১৯৬৩ সালে চট্টগ্রাম থেকে ‘বান্ধবী’ নামে মাসিক সাময়িকী প্রকাশ করেছিলেন মুশতারী শফী। বাংলাদেশে নারীদের জন্য প্রকাশিত দ্বিতীয় সাময়িকী বলা হয় ‘বান্ধবী’কে। বান্ধবী সংঘ প্রচারের সময় মেয়েদের প্রেস নামে একটি ব্যতিক্রমী মুদ্রণ সংস্থাও গড়ে তুলেছিলেন লড়াকু এই নারী।
মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার অবিভক্ত বাংলার ফরিদপুরে।